আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা আগামী জানুয়ারির মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, কর্মসূচির বিভিন্ন দিক নির্ধারণে দুই পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থায়নের বিষয়েও অগ্রগতি হবে বলে প্রত্যাশা সরকারের।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, আইএমএফের সঙ্গে আলোচনাকে শুধু ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার বিষয় হিসেবে দেখছে না সরকার। বরং সামগ্রিক অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি অর্থায়নের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের বন্ড নিয়েও কাজ করা হচ্ছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি ইতিবাচক ধারায় এগোচ্ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর আদায়ে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কাস্টমস খাতেও রাজস্ব বেড়েছে প্রায় ১৪ শতাংশ। তবে ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি তুলনামূলক কম। ত্রৈমাসিক রিটার্ন পদ্ধতি চালুর কারণে এখনো সব তথ্যের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। দ্রুত এ খাতেও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, শুধু প্রথম প্রান্তিকের হিসাব দিয়ে পুরো অর্থবছরের রাজস্ব পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। পরবর্তী তিন প্রান্তিকে আদায়ের চিত্র আরও উন্নত হবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
রাজস্ব ঘাটতি ও সরকারি ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, জনগণের করের অর্থ যেন অপচয় না হয়, তা নিশ্চিত করেই ব্যয় পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রতিটি সরকারি বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক রিটার্ন বিবেচনা করা হচ্ছে। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই সরকারি ব্যয় পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এদিকে রাজস্ব প্রশাসন বিভাজনের বিষয়ে অর্থমন্ত্রী জানান, এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করে পরবর্তী সময়ে বিষয়টি সংসদে উত্থাপনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।



