বিদেশি ঋণের চাপ এবং রাজস্ব আদায়ে ঘাটতির কারণে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে সরকার। গত এক দশকে দেশের বিদেশি ঋণের বোঝা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। এ অবস্থায় অর্থনীতিকে স্থিতিশীল করতে রাজস্ব ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রাজস্ব সংস্কারবিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, দেশের জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার অত্যন্ত কম। অন্যদিকে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ফলে রাজস্ব সংগ্রহ বাড়ানোর পাশাপাশি ঋণের দায় পরিশোধ করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ ৪৪৯ কোটি ৪১ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ২০৩০ সাল নাগাদ বার্ষিক এই পরিশোধের পরিমাণ সাড়ে ৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর—এই তিন খাতে পৃথক টাস্কফোর্স গঠন করে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।
চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন তিতুমীর। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসে প্রবৃদ্ধির হার কম ধরা হয়েছে। আইএমএফের হিসাবে তা ৩ দশমিক ২ শতাংশ, বিশ্বব্যাংকের হিসাবে ৩ দশমিক ৬ শতাংশ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস ৪ শতাংশ।
এনবিআর সংস্কার প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। শুল্ক ও করসংক্রান্ত নীতি বিভাগ পৃথক করার সুপারিশও করা হয়েছে। পাশাপাশি ডিসেম্বর থেকে নিয়মিতভাবে রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করা হবে।
আইএমএফের ঋণের শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এলে নীতিনির্ধারণী পর্যায়ে পরবর্তী আলোচনা হবে।