আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকের ছুটির সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূজার ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। অন্যদিকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নতুন ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকগুলো টানা তিন দিন বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক খাতে মোট পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে।
এই ছুটির সমন্বয় করতেই পূজার আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।




