চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানির অভিযোগ তুলেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। সংগঠনটির দাবি, শ্রমিক ফেডারেশনগুলোর আঞ্চলিক কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিক নেতাদের বাড়িতে বাড়িতে রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক শ্রমিক নেতা নিজ বাড়িতে অবস্থান করতেও সাহস পাচ্ছেন না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে আন্তর্জাতিক শ্রমিক জোটের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। এ সময় সংগঠনের সভাপতি মীর আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সালাউদ্দিন স্বপন জানান, চলমান শ্রমিক আন্দোলনে আইবিসির অন্তর্ভুক্ত ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের ১২ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন অনেক সাধারণ শ্রমিক ও সংগঠনের সদস্য। তার অভিযোগ, আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কথা বলে নিরীহ শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলায় যুক্ত না হয়েও শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও এলাকায় থাকতে বাধা দেওয়ার কারণ জানতে চান তিনি।
যেসব কারখানার শ্রমিকরা কাজে ফিরতে চান, সেসব প্রতিষ্ঠানে শ্রম আইন ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখা যাবে না বলেও দাবি করেন আইবিসি নেতারা। তাদের অভিযোগ, এ ধারায় নোটিশ দিয়ে অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাজার হাজার শ্রমিক কাজ ও মজুরি হারানোর আশঙ্কায় রয়েছেন। তাঁদের বক্তব্য, কারখানা বন্ধ থাকলেও কাজে যোগ দিতে আগ্রহী শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করা উচিত নয়।
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আইবিসি। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন বলেন, শ্রমিক সংগঠনগুলো যেখানে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে, সেখানে সিপিডির প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে আইবিসির পক্ষ থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার শ্রমিক নেতা ও কর্মীদের দ্রুত মুক্তি এবং ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
এ ছাড়া শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়। ন্যূনতম মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত শ্রমিকদের কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বানও জানান সংগঠনটির নেতারা।



