কক্সবাজারের উখিয়ায় রেজুখালের নাব্যতা ও দুই তীরের ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধিদল। শুক্রবার সকালে পাউবোর মহাপরিচালক মো. রুহুল আমিনের নেতৃত্বে দলটি ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখে।
এর আগে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির কক্সবাজার সফরকালে রেজুখালের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা লিখিত আবেদন করেন। তাঁদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আশপাশের জনবসতি, কৃষিজমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।
পরিদর্শনকালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরওয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রচেষ্টা ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পাউবোর প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করার আশ্বাস দিয়েছেন তাঁরা।