রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। তবে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ছেলেদের ও মেয়েদের হলের ডাইনিং চালু রাখারও সিদ্ধান্ত হয়েছে।
গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. মাহবুবুল আলম গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে আবাসিক শিক্ষার্থীদের জন্য দুই হলের ডাইনিং চালু রাখা হবে।
এর আগে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বরও ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। পরবর্তী সময়ে জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিতাদেশ বাড়ানো হয়।
এদিকে ২০ নভেম্বর থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ২২ নভেম্বরের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করেন বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও সহিংস ঘটনার প্রভাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পড়েছে। এর মধ্যে একদিন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল ও স্লোগান দেন। এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছ।




