প্রথম শ্রেণির পৌরসভার স্বীকৃতি পেলেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় পিছিয়ে রয়েছে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা। আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় প্রতিদিনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে নদীর পাড়, বাজার ও বিভিন্ন খোলা জায়গায়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি ২০২৪ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। ২১ দশমিক ১০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৪টি মহল্লা রয়েছে। এখানে বসবাস করেন ৬০ হাজারের বেশি মানুষ। এত বিপুলসংখ্যক মানুষের বর্জ্য ব্যবস্থাপনায় এখনো স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, শিমলা ও আরামনগর বাজারসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা আবর্জনা পৌরসভার গাড়িতে করে ঝিনাই নদীর তীরে নেওয়া হচ্ছে। সেখানে দীর্ঘদিনের বর্জ্য জমে বড় স্তূপ তৈরি হয়েছে। বৃষ্টির পানি ও অন্যান্য কারণে এসব আবর্জনা নদী এবং আশপাশের জলাশয়ে ছড়িয়ে পড়ছে।
অন্যদিকে, শিমলা ও আরামনগর বাজারের নোংরা পানি ও ড্রেনের বর্জ্য সরাসরি সুবর্ণখালী নদীতে গিয়ে মিশছে। এতে নদীর পানি দূষিত হচ্ছে, মাছ মারা যাচ্ছে এবং নদীতীরবর্তী মানুষের মধ্যে পানিবাহিত রোগের আশঙ্কা বাড়ছে।
জেলা পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের এমন কর্মকাণ্ড আইনত দণ্ডনীয়। নদী ও জলাশয়ে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে মাটি, পানি ও বাতাস দূষিত হচ্ছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের বিস্তারের ঝুঁকি তৈরি হচ্ছে। এ কাজে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল জানান, নদীর পাশে আবর্জনা ফেলার বিষয়টি তাদের নজরে এসেছে। এভাবে বর্জ্য ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থায়ী স্যানিটারি ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।



