বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫), একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নৌ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে নদীতে এই কার্যক্রম চলছিল।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত টহলের অংশ হিসেবে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মেঘনা নদীর পরিবেশ সুরক্ষা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।