প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে নতুন ভর্তি কার্যক্রম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ও আবেদনসূচি প্রকাশ করা হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আগামী ১২ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার সুযোগ থাকবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি।
এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই কেন্দ্রেই একই প্রশ্নপত্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শেষ হলে অনলাইন থেকেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক সভায় দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
ভর্তিসংক্রান্ত সব ধরনের নির্দেশনা ও হালনাগাদ তথ্য রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস এবং ফল প্রকাশের সম্ভাব্য তারিখসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে admission.ruet.ac.bd ঠিকানায়।
এবারের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’—উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।
তবে ‘খ’ গ্রুপের প্রার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের পরীক্ষা রাখা হয়েছে। এতে মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক বুদ্ধিমত্তা যাচাই করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করার আগে নির্ধারিত যোগ্যতা, পরীক্ষার নিয়ম ও নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।