রংপুর পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধ্বসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নির্মাণ শ্রমিক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল ও রংপুর নগরীর শিহাব উদ্দিন। এ ঘটনায় আহত তিন শ্রমিককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নাজমুল সরকার।
তিনি জানান, পৌরসভার নির্মাণাধীন ভবনটিতে সকাল থেকে ১৩ জন শ্রমিক বারান্দা ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে নিচে চাপা পড়েন ৫ জন শ্রমিক। এ সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম চালালে শ্রমিক আসাদুল ও শিহাবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী উল বারী জানান, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। নিহত ও আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।