যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমাকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) প্রথম দিনেই উপশহর মারকাজ মসজিদ-সংলগ্ন ইজতেমা মাঠে মানুষের ঢল নামে। জুমার নামাজে অংশ নেন বিপুলসংখ্যক মুসল্লি। দেশ-বিদেশের মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় তৈরি হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের উদ্যোগে আয়োজিত এ ইজতেমায় শুক্রবার সকাল থেকেই মুসল্লিদের আসতে শুরু করেন। যশোরের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার মানুষ এতে অংশ নিয়েছেন। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের মুসল্লিদের উপস্থিতিও দেখা গেছে।
ফজরের নামাজের পর কাকরাইলের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাইফুল্লাহর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। বয়ানে ঈমান-আমল, দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি ও ইসলামী জীবনব্যবস্থার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। জুমার নামাজের পর সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাসানুল হায়দার ধর্মীয় অনুশাসন ও নৈতিক জীবনযাপন নিয়ে আলোচনা করেন।
জুমার নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইলের মুরব্বি মাওলানা উসামা। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
আয়োজকদের ধারণা, তিন দিনের এ আয়োজনে প্রায় ৫০ হাজার মুসল্লির সমাগম হবে। তাদের থাকা, খাওয়া ও ইবাদতের সুবিধার্থে মাঠে বিশাল প্যান্ডেল, বয়ানের মঞ্চ, নামাজের স্থান, অজু ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। বিশুদ্ধ পানির সরবরাহসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও কাজ করছেন আয়োজকরা।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মাঠের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম।
ইজতেমার জিম্মাদার এসএম ইয়ামিনুর রহমান জানান, আয়োজন সফল করতে যশোরের বিভিন্ন গ্রাম ও মহল্লায় আগে থেকেই দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে। ইতোমধ্যে ৪০ থেকে ৫০টি জামাত প্রস্তুত হয়েছে। ইজতেমা শেষে ৬০ থেকে ৭০টি জামাত দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন এলাকায় বের হওয়ার প্রত্যাশা করছেন তারা।
ইজতেমায় বাংলাদেশের আমির ওয়াসিফুল ইসলামসহ তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের মুরব্বিরা বয়ান করবেন। এসব আলোচনায় নামাজ, ঈমান-আমল, আত্মশুদ্ধি ও ধর্মীয় জীবনাচরণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
রবিবার (২৯ নভেম্বর) ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের এ আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করতে আয়োজকরা স্থানীয় প্রশাসন, বাসিন্দা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।