কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা। শুক্রবার (৬ নভেম্বর) কুড়িগ্রাম টাউন হল অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক বন্ধু অংশ নেন।
এসএসসি ১৯৮৬ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন এসএসসি ১৯৮৬ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী সিরাজুল ইসলাম, সহসভাপতি গাজী কামাল, বসুন্ধরা জোনের সভাপতি শওকতররফ হোসেন এবং সাংবাদিক, লেখক ও কলামিস্ট ফসিউদ্দিন মাহতাব। স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক এরশাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল ওয়াদুদ ও নাসরিন নাহার পাপড়ি।
মিলনমেলায় ঢাকা মহানগরীর বিভিন্ন জোন ছাড়াও গাজীপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, রংপুর ও স্বাগতিক কুড়িগ্রামের বন্ধুরা যোগ দেন। দিনভর পুরোনো সহপাঠীদের পদচারণা, পরিচিতি ও স্মৃতিচারণে উৎসবমুখর হয়ে ওঠে টাউন হল চত্বর।
আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বন্ধু পরিচিতি পর্ব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটান ১৯৮৬ সালের এসএসসি উত্তীর্ণ বন্ধুরা।