একবারের ফলেই শেষ হয়নি হিসাব। উত্তরপত্র নতুন করে যাচাইয়ের পর বরিশাল শিক্ষা বোর্ডে হাজারো শিক্ষার্থীর ফলাফলে এসেছে পরিবর্তন, খুলেছে নতুন সম্ভাবনার দরজাও।
এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর নম্বর সংশোধন হয়েছে। এর ফলে ৫২০ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে। নতুন করে উত্তীর্ণ হয়েছেন ২১ জন এবং জিপিএ-৫ অর্জন করেছেন আরও ২১ শিক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে এ চিত্র উঠে এসেছে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, ফল পুনঃযাচাইয়ের জন্য এবার ১২ হাজার ২৯৩ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা মোট ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আওতায় আনার আবেদন করেছিলেন।
গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৯৫০ জন। ফল প্রকাশের পর ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
এদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ১৪ হাজার ৫৭০ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ৩ হাজার ৪১৩ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১১ হাজার ১৫৭ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা জানান, আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভাগের ছয় জেলার ৪১টি কেন্দ্রে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।
প্রতিদিন দুটি পর্বে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পর্ব সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় পর্ব দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।




