পঞ্চগড়ে ক্রমেই পরিবর্তন হচ্ছে আবহাওয়ার চিত্র। দিনের বেলায় রোদের প্রভাবে গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের আমেজ। তাপমাত্রার ধারাবাহিক পতনে শীতের আগমনী সংকেত পাচ্ছেন জেলার বাসিন্দারা।
রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন এই তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি। অর্থাৎ এক দিনের ব্যবধানে পারদ নেমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বরের শুরুতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও পরবর্তী সময়ে তা কমতে থাকে। ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৩ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৯ দশমিক ৭ ডিগ্রিতে। ৪ নভেম্বর তা আরও কমে ১৭ দশমিক ৪ ডিগ্রি হয়। কয়েক দিনের ওঠানামা শেষে রোববার নতুন করে ১৬ দশমিক ৫ ডিগ্রিতে পৌঁছেছে।
এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ দশমিক ৪ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। তবে ২৯ অক্টোবর থেকে পারদ বাড়তে শুরু করায় সাময়িকভাবে শীতের তীব্রতা কমে যায়।
স্থানীয়দের ভাষ্য, সকালে বাইরে বের হলে এবং সন্ধ্যার পর ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তবে দুপুরে সূর্যের তাপে পরিস্থিতি কিছুটা উষ্ণ থাকছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, কয়েক দিন ধরে তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। সামনের দিনগুলোতে এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাঁর পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসে পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।