পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লাখ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও অর্থের আনুমানিক মূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মঠবাড়িয়ার ধানীসাফী ইউনিয়নের মো. রুবেল বেপারী (২৯) এবং মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।



