খাদ্য উৎপাদন ও পরিবেশনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম নগরের তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (৭ নভেম্বর) বিচারিক কার্যক্রম শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।
জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠানগুলো হলো ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শপিংব্যাগ সুপারশপ ও কাহওয়া ক্যাফে।
অভিযানে ফুলকলির উৎপাদনকেন্দ্রে মেয়াদ ও লেবেলবিহীন বাটার ব্যবহার, পোড়া তেলে চানাচুর ও মটরভাজা তৈরি এবং মাছি-তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া খাদ্য তৈরির সরঞ্জামে ময়লা এবং কাঁচামালে পলিথিন ও অন্যান্য আবর্জনার অস্তিত্ব মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
শপিংব্যাগ সুপারশপে খাবার তৈরির জায়গায় অপরিচ্ছন্নতা, রান্নার তেলে ময়লা, পচা মরিচ সংরক্ষণ এবং খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার বিষ রাখার প্রমাণ পাওয়া যায়। এমনকি চর্মরোগে আক্রান্ত কর্মীকে দিয়ে মসলা তৈরির কাজ করানো হচ্ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শিশুদের খেলনা বিক্রির জায়গা থেকে মাংসের পাতিল সরিয়ে নির্ধারিত স্থানে রাখার প্রমাণ ১৫ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ উপকরণ এবং পচা বিটরুট সংরক্ষণের তথ্য পাওয়া যায়। পাশাপাশি ম্যাংগো ফ্লেভার ড্রিংকসকে ম্যাংগো ড্রিংকস নামে বিক্রির অভিযোগও রয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, পরিদর্শনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই খাদ্যের মান, সংরক্ষণ ও উৎপাদন পরিবেশ নিয়ে গুরুতর অসংগতি পাওয়া গেছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।



