ফেনীর পরশুরাম সীমান্তে কহুয়া নদীর ভারতীয় অংশে বাঁধে কংক্রিটের ব্লক বসানোর কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যোগাযোগ ও হস্তক্ষেপের পর ভারতীয় পক্ষ কাজটি স্থগিত করেছে। এদিকে নদীর অপর পাশে বাংলাদেশের বাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার উত্তর কোলাপাড়া এলাকায় নদীর বাঁধ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা। পরিদর্শনে বাংলাদেশের অংশে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, ভারতীয় অংশে ব্লক স্থাপনের আগে বিজিবিকে অবহিত করার কথা ছিল। বিষয়টি জানার পর ভারতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে সেখানে কার্যক্রম বন্ধ রয়েছে।
পাউবোর ফেনী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভারতীয় অংশে এ ধরনের নির্মাণকাজের প্রভাব বাংলাদেশের বাঁধে পড়তে পারে। বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়াও সম্ভাব্য ক্ষতি এড়াতে আগাম ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, নদীভাঙন ঠেকাতে বাংলাদেশের অংশে কী ধরনের সুরক্ষাব্যবস্থা প্রয়োজন, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বন্যা ও নদীভাঙন নিয়ে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, বাঁধ দুর্বল হয়ে পড়লে উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া, বাসপদুয়া ও পরশুরাম বাজারসহ আশপাশের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার কহুয়া নদীর ভারতীয় অংশে কয়েকটি স্থানে কংক্রিটের ব্লক বসানোর কাজ শুরু হয়েছিল। খবরটি প্রকাশের পর সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিজিবি, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর হয়।



