শারদীয় দুর্গাপূজা ঘিরে নাটোরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী ও মণ্ডপসজ্জার কারিগররা। জেলার ৪০২টি পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরি, রং করা, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার প্রস্তুতি। এর মধ্যে দুটি মণ্ডপে ভুট্টার দানা ও সাবুদানা দিয়ে প্রতিমা সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকার ঐতিহাসিক শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে মাটির প্রতিমার গায়ে ভুট্টার দানা বসিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে সাজানো হয়েছে। অন্যদিকে নাটোর সদর উপজেলার হরিশপুরের শ্রীধরপুর ঘোষপাড়া মণ্ডপে প্রায় ৮৫ কেজি সাবুদানা ব্যবহার করে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী প্রতিমা।
প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শিল্পীদের ব্যস্ততা রং ও শেষ মুহূর্তের সাজসজ্জা নিয়ে। প্রতিমাশিল্পী সুকুমার পাল বলেন, এবার তিনি আটটি প্রতিমা তৈরি করছেন। এর মধ্যে তিনটি নাটোরে এবং পাঁচটি জেলার বাইরে যাবে। প্রতিমার দাম সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা বলে জানান তিনি। অন্যদিকে জেলার বিভিন্ন কারিগরের তৈরি প্রতিমার দাম সর্বোচ্চ সোয়া দুই লাখ টাকা পর্যন্ত।
শিল্পীরা জানান, খড়, বাঁশ, পাট, দড়ি ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। ফলে প্রতিমা তৈরির খরচ বাড়লেও পারিশ্রমিক সেই অনুপাতে বাড়েনি। তারপরও বংশপরম্পরার পেশা ও কাজের প্রতি ভালোবাসা থেকে তারা প্রতিমা তৈরি করে যাচ্ছেন। পরিবারের সদস্যরাও এ কাজে সহায়তা করছেন।
জেলায় এবার সবচেয়ে বেশি ৯৮টি পূজামণ্ডপ রয়েছে সিংড়া উপজেলায়। বাগাতিপাড়ায় রয়েছে ৩০টি মণ্ডপ। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদার জানান, গত বছরের তুলনায় এবার ৩৪টি মণ্ডপ বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী মণ্ডপের পাশাপাশি অস্থায়ী মণ্ডপগুলোতেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
পূজা নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে। এ উপলক্ষে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে একটি নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।