ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের আন্দোলন নতুন করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে। টানা চতুর্থ দিনের কর্মসূচিতে সড়ক অবরোধের পাশাপাশি ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক যানবাহন ও বিভিন্ন দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
শ্রমিক অসন্তোষের কারণে মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের একাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আন্দোলন ও সংঘর্ষের প্রভাবে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে অসংখ্য যানবাহন। একই সঙ্গে আশপাশের আবাসিক এলাকাগুলোতেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।