নেত্রকোনার মদনে গাঁজা সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক হিরা (২৯) উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। অন্যরা হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবদার গ্রামের লিলের ছেলে তারেক (২৪)।
মদন থানা সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন সেখান থেকে পালিয়ে যান।
এদিকে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জানান, সাধারণ সম্পাদক হিরার আটকের বিষয়টি উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। অভিযোগ তদন্ত করে জেলা কমিটি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।