জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়। এ লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত স্থান ও সক্ষমতা নির্ধারণের পাশাপাশি বিদ্যুতের অপচয় কমাতে একাধিক সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক মতামত প্রদান কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের একটি ত্রিমাত্রিক নকশা উপস্থাপন করা হয়। এতে ভবনের বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বায়ু চলাচল এবং সোলার প্যানেল বসানোর উপযোগী খালি জায়গা নিয়ে আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা অনুযায়ী সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ নির্ধারণের বিষয়টিও গুরুত্ব পায়।
বিদ্যুতের অপচয় ঠেকাতে ভবনের সব লাইট সেন্সরনির্ভর করার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বাড়ানো এবং বিদ্যুতের অপব্যবহারের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
সংসদ ভবন কমপ্লেক্সে সোনালী ব্যাংকের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল আদায় নিশ্চিত করতে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার বসানোর সুপারিশও করা হয়।
এ ছাড়া মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারে সময়সীমা নির্ধারণের প্রস্তাব এসেছে। সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্য সময়ে আধা ঘণ্টা আগে এসি চালু করার সুপারিশ করা হয়েছে।
সভায় ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত হয়। পরবর্তী সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




