দুবলারচরে সাগরে ভেসে গেছে রিয়াজ ঢালি (২৫) নামে এক পর্যটক। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দুবলার আলোরকোলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। কোষ্টগার্ড সাগরে নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী শুক্রবার সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলিনি থেকে একটি বোটে করে ২০/২২ জনের টুরিস্ট গ্রুপ শুক্রবার বিকেল ৩টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে নামে। তারা সাগরের পানিতে নেমে গোসলের সময় একজন টুরিস্ট সাগরে ভেসে যায়। কোষ্টগার্ড ও জেলেরা সাগরে ভেসে যাওয়া ব্যক্তির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির নাম রিয়াজ বলে মোতাসিম ফরাজী জানান।
কোষ্টগার্ড পশ্চিমজোন মোংলা এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম ঘটনা নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড এর একটি উদ্ধারকারী দল নিখোঁজ ট্যুরিষ্টের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন। 
সুন্দরবন পূর্ব বর্ণ বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান জানান, নিখোঁজ ট্যুরিস্ট রিয়াজ ঢালীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তারা ২০ জনের একটি গ্রুপ সাতক্ষীরার কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে দুবলারচরে এসেছে।
সুন্দরবন পশ্চিম বর্ণ বিভাগ খুলনার বিভাগীয় বর্ণ কর্মকর্তা (ডিএফও) মোঃ হাছানুর রহমান ইত্তেফাককে বলেন, শুক্রবার সকালে বুড়িগোয়ালিনি ষ্টেশন অফিস থেকে পাশ নিয়ে দুটি টুরিস্ট বোটে ৩০ জন টুরিস্ট সুন্দরবনের দুবলারচরে যায়।এঁদের মধ্যে একজন গোসলের সময় সাগরে ভেসে যায় বলে তিনি জানতে পেরেছেন বলে জানান।##