চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে আগামীকাল রোববার (১১ অক্টোবর) পালিত হবে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) পবিত্র উরস শরিফ। এ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানসহ নানা সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে আয়োজক প্রতিষ্ঠানগুলো। মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বিভিন্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল, চট্টগ্রাম প্রেসক্লাবে সুফি সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)-এর জীবন ও রচনাবলি নিয়ে সেমিনার এবং ট্রাস্টের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা, র্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর ফটিকছড়ির নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করা হয়।
রোববার ফজরের নামাজের পর রওজা শরিফ গোসল ও গিলাফ পরানোর মাধ্যমে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনভর বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হবে। ভক্তদের জন্য ন্যায্যমূল্যে খাবার, বিশুদ্ধ পানীয় জল ও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
রাত ১২টায় গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) সভাপতিত্বে কেন্দ্রীয় মিলাদ মাহফিল হবে। এতে বিভিন্ন আলেম-ওলামা অংশ নেবেন। উরসের পরদিন ১২ অক্টোবর ভোরে রওজা শরিফের মাঠ থেকে শান-ই আহমদীয়া গেট পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে। আয়োজকেরা উরস শরিফে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।




