চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি নগরীর পরিকল্পিত বিকাশ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন ও দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। নগর উন্নয়নে সম্পৃক্ত সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণের একক কাঠামো না থাকায় অনেক সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে।
শুক্রবার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ), বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘চট্টগ্রাম : ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে সিজেএ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি পারভীন এফ. চৌধুরী বলেন, চট্টগ্রাম কেবল একটি আঞ্চলিক শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির মূল লাইফলাইন। দেশের প্রধান সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প সম্ভাবনার কেন্দ্র হওয়া সত্ত্বেও সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতা ও বিকেন্দ্রীকরণের অভাবে শহরটির কাঙ্ক্ষিত বিকাশ ঘটছে না। চট্টগ্রামকে তার সঠিক মর্যাদায় প্রতিষ্ঠা করতে স্থানীয় শাসনব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন অপরিহার্য।
সংগঠনের পক্ষ থেকে সেমিনারের মূল লক্ষ্য ও প্রেক্ষাপট তুলে ধরে সিজেএ মহাসচিব ওসমান গনি মনসুর বলেন, বাণিজ্যিক নগরী হিসেবে চট্টগ্রামের বহুমাত্রিক সমস্যা ও সম্ভাবনা নীতিনির্ধারকদের সামনে আনাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন সংস্থার কাজের গতি আনা সম্ভব এবং এই সেমিনার থেকে উঠে আসা সুপারিশগুলো সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন চসিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একটি সমন্বিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনার জোরালো দাবি জানান। প্রতিটি প্রতিষ্ঠানের নিজ নিজ আইনি দায়িত্ব অক্ষুণ্ন রেখেই সমন্বিত পরিকল্পনা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন কিংবা কর্ণফুলী নদীর অপর পাড়ে পরিবেশবান্ধব নগর ও সৌরবিদ্যুৎ প্রকল্পের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন নগর সরকার ব্যবস্থার মাধ্যমেই দ্রুত ও কার্যকর হতে পারে। কেবল অর্থ বরাদ্দ নয়, সময়মতো প্রকল্প অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণই নগর উন্নয়নের মূল চাবিকাঠি।
একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, সিঙ্গাপুর বা সাংহাইকে অনুকরণ না করে চট্টগ্রামকে তার নিজস্ব সংস্কৃতি, প্রকৃতি ও অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে ‘চট্টগ্রাম’ হিসেবেই গড়ে তুলতে হবে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিপিসি, চা বোর্ড বা রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান সিদ্ধান্তগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরিত হওয়ায় এবং বাণিজ্যিক রাজধানীর উপযোগী ব্যাংক, বীমা ও বিনিয়োগ অবকাঠামো গড়ে না ওঠায় চট্টগ্রাম তার ন্যায্য গুরুত্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এপি বাংলাদেশের ব্যুরো প্রধান জুলহাস আলমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষ অতিথি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি জানান, মাতারবাড়ী বন্দর ও বে টার্মিনালের সমন্বিত ব্যবহার এবং অবকাঠামোগত উন্নয়ন করা গেলে নেপালের মতো স্থলবেষ্টিত দেশগুলোর পণ্য পরিবহনের দূরত্ব ২ হাজার কিলোমিটার থেকে কমে ১ হাজার ২০০ কিলোমিটারে নেমে আসবে। একই সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য, নেপাল ও মিয়ানমারে লজিস্টিকস সেবা সম্প্রসারণ, পাঁচটি মোটরওয়ে নির্মাণ এবং নিরবচ্ছিন্ন ইউটিলিটি সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সেমিনারে বক্তারা বলেন, দেশের সবকটি নদীপথ সচল করা গেলে অর্থনীতির ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ঢাকা ফ্ল্যাশের সম্পাদক ফরিদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, আন্তর্জাতিক বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহিত উল আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ।
সেমিনারে চার জেলার সাংবাদিক, গবেষক, পরিকল্পনাবিদ ও শিক্ষাবিদরা সর্বসম্মতভাবে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতের সময় দুই ঘণ্টায় নামিয়ে আনা, দ্রুত বিকেন্দ্রীকরণ এবং সমন্বিত প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।




