রংপুরে বসতবাড়িতে লুটপাট, টাকা ও জমির দলিল চুরি এবং বাড়ি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মানিক মিয়া নামে এক ব্যক্তি। মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
মানিক মিয়া পীরগাছা উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ২০ জুলাই তার বাবা ওয়াহেদ মিয়া নোটারি পাবলিকের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী মোসলেমা বেগমকে তালাক দেন। এ ঘটনার পর থেকে মোসলেমা তাদের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন।
মানিকের দাবি, বাবার চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা রংপুরে অবস্থান করার সুযোগে গত ২৩ আগস্ট সকাল ১০টার দিকে মোসলেমা তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ি থেকে আড়াই লাখ টাকা ও জমির দলিল সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে বাড়িতে ফিরে টাকা ও দলিল না পেয়ে মোসলেমার কাছে জানতে চাইলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান মানিক।
তিনি আরও অভিযোগ করেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে হয়রানি, সন্ত্রাসী ভাড়া করে হত্যার হুমকি এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে। এসব ঘটনায় মোসলেমা বেগম, তার বাবা মকবুল হোসেন, মা মঞ্জিলা বেগম ও নানি মহিমা বেগমকে আসামি করে পীরগাছা আদালতে মামলা করেছেন বলে জানান তিনি।
মানিক মিয়া বলেন, পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে মোসলেমা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




