ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থানকালে এক বাংলাদেশি ও অজ্ঞাতপরিচয় তিনজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক বাংলাদেশির বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের হালদারপাড়া গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আটক বাংলাদেশির নাম মামুন মন্ডল (২৮)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত নবী সদ্দি মন্ডলের ছেলে। আটকের পর চারজনকে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রা ক্যাম্পে নেওয়া হয়েছে।
৫৮ বিজিবি সূত্র জানায়, মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের কাছে ভারতের প্রায় ৩০ গজ ভেতরে তাঁদের আটক করা হয়। ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের একটি টহল দল এ অভিযান চালায়।
স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত এলাকায় মানব পাচার ও মাদক কারবারে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ভারতীয় দালালদের সহায়তায় কয়েকজনকে বাংলাদেশে আনার সময় বিএসএফের হাতে তিনি আটক হন বলে জানা গেছে।
এদিকে আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে শ্রীনাথপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে ফোনে সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে লিখিতভাবেও তথ্য চাওয়া হলেও এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো জবাব মেলেনি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, চারজনের বিষয়ে তথ্য সংগ্রহে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিস্তারিত জানা গেলে গণমাধ্যমকে অবহিত করা হবে।