চাঁদপুরে অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মী এবং মাদকসংশ্লিষ্ট ছয়জন রয়েছেন। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫ কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে অভিযানের বিষয়টি জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর থেকে ১২ জন, ফরিদগঞ্জে আটজন, মতলব দক্ষিণে দুজন, মতলব উত্তরে চারজন, হাজীগঞ্জে চারজন, শাহরাস্তিতে দুজন এবং কচুয়া থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে সদর থেকে তিনজন, হাইমচর থেকে চারজন, ফরিদগঞ্জ থেকে পাঁচজন, মতলব দক্ষিণ থেকে চারজন, হাজীগঞ্জ থেকে চারজন এবং কচুয়া থেকে পাঁচজনকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে হাইমচর থেকে দুই পিস ইয়াবাসহ একজন, ফরিদগঞ্জ থেকে দুই পিস ইয়াবাসহ দুজন, মতলব উত্তর থেকে ২০ গ্রাম গাঁজাসহ একজন এবং শাহরাস্তি থেকে ৪০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ৬০ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক ২৫ কিশোরের মধ্যে ২৪ জনকে যাচাইয়ের পর মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।



