রংপুরে গতকাল (৫ নভেম্বর) বৃহস্পতিবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম লেবু মিয়া (৪২)। গতকাল রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক বলেন, লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।
ডেপুটি জেলার বলেন, বৃহস্পতিবার রাতে লেবু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অচেতন অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।  ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।