চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুজন আটক হয়েছেন। মঙ্গলবার সকালে সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়, যার সিজার মূল্য ৮১ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে টুটুল (২৬) ও ছবি বেগমকে (৪২) আটক করা হয়। তাঁদের বাড়ি গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকায়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।