নোয়াখালীর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও ৪৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে পূর্ব এজবালিয়া গ্রামের একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব এজবালিয়া গ্রামের মামুনুর রশিদ (৩৭), চরকামুল্যা বাজার এলাকার আবদুল মন্নান (২৭) এবং দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের মনজুর রহমান সাকিল (৩৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি, যৌথ বাহিনী ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির উপপরিদর্শক মো. হাবিবুর রহমান, এসআরবি-১১-এর নোয়াখালী ক্যাম্পের সিপিসি-৩-এর ডিডি অমলেশ বৈন এবং সুধারাম মডেল থানার উপপরিদর্শক সুমন বণিক।
গ্যারেজের ভেতরে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে তৈরি একটি বিশ্রামকক্ষের খাট থেকে ইয়াবা, একটি দেশীয় ওয়ান শুটার পাইপগান, এক রাউন্ড কার্তুজ, তিনটি মুঠোফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্ষটিতে তিনটি সিসিটিভি ক্যামেরাও পাওয়া যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কক্ষটি ইয়াবা সেবনের কাজে ব্যবহার করার তথ্য দিয়েছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সেখানে আইপি ক্যামেরা বসানো হয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র ও কার্তুজ মজুতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।