চাঁদপুরে কারাতে সেমিনারে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। দিনব্যাপী এ আয়োজনে তাঁদের কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার পদ্ধতি শেখানো হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা ও সোতোকান কারাতে একাডেমির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
দুপুরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, কারাতে প্রশিক্ষণ শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার দক্ষতা বাড়ায়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিপক্ষের প্রতি বিরূপ মনোভাব রাখা যাবে না। নিজেরা ভালোভাবে শিখে অন্যদেরও শেখাতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পাশে থাকবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি শিহান এ বি রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী। সেমিনার শেষে আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।




