কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দ্বিতীয় দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নাগেশ্বরী উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানের অনিয়মের কারণে এসব নিয়োগ হয়েছে বলেও দাবি করেন তারা।
দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়োগ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, সাবেক সভাপতি নুরনবী দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হকসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তারা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না।
বিক্ষোভকারীদের দাবি, নাগেশ্বরীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী। এ নিয়োগে অনিয়মের অভিযোগও করেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “যারা মিছিল করেছেন, তারা না বুঝে করেছেন। যারা যোগ্য, তারাই ডিলারশিপ পেয়েছেন। এখানে বিএনপির কোনো হাত নেই। বিএনপি কোথাও হস্তক্ষেপও করেনি।”