সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি ও সম্মানিত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ (বাংলাদেশ সময়) পর্যন্ত স্থগিত থাকবে। এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে সৌদি আরবগামী অন্যান্য রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে। এসব রুটের ফ্লাইট পরিচালনায় নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
এদিকে যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।