মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন কেটি জাকারিয়া। আইনজীবী হিসেবে তার যোগ্যতা নিয়ে বিতর্ক এবং প্রথম সংবাদ ব্রিফিংয়ে সমালোচনার মুখে পড়ার পর শুক্রবার তার দায়িত্ব ছাড়ার খবর প্রকাশিত হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রশাসনের দুই কর্মকর্তা তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি জাকারিয়াকে দায়িত্বটি নিয়ে নতুন করে ভাবতে বলেছিলেন। সংবাদমাধ্যমের সমালোচনার কারণে তিনি অপ্রয়োজনীয় চাপের মধ্যে পড়ছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে জাকারিয়া প্রশাসনে অন্য কোনো দায়িত্বে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানিয়েছেন, তার জন্য নতুন ভূমিকা নির্ধারণ করা হতে পারে।
গত সোমবার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ ব্রিফিং করেন জাকারিয়া। ব্রিফিংটি ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। সেখানে মাত্র তিনজন সাংবাদিক প্রশ্ন করার সুযোগ পান। তার উপস্থাপনা ও প্রশ্নের উত্তর দেওয়ার ধরন নিয়ে সমালোচনা হয়।
এরপর তার আইনজীবী পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে। জাকারিয়া পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিষয়ে ডিগ্রিধারী হলেও যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। বৃহস্পতিবার ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে তিনি নিজেই বিষয়টি স্বীকার করেন। এর আগে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে তার উত্তর নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। 
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগকে সম্মানের বলে উল্লেখ করেন জাকারিয়া। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রশংসা করেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে অ্যান্থনি স্কারামুচিও অল্প সময় দায়িত্ব পালন করেছিলেন। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়। জাকারিয়ার বিদায়ের পর স্কারামুচি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে মন্তব্য করেন।
পাঁচ দিনের এই দায়িত্বকাল ট্রাম্প প্রশাসনের যোগাযোগ বিভাগে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে জাকারিয়া ভবিষ্যতে প্রশাসনের অন্য কোনো পদে থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।