ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আটকের ঘটনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে তার দল। আটকের আট ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তাকে কোথায় রাখা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ দলটির।
দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।
সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিজিৎ দিপককে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার আইনজীবী বা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, আটকের আট ঘণ্টার বেশি সময় পার হলেও দিপকের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি। আটকের কারণ সম্পর্কেও পুলিশ স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ নামে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজনের পরিকল্পনা করেছিলেন অভিজিৎ দিপক। কর্মসূচিতে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কথা ছিল। তবে কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তার বাড়িতে নোটিশ পাঠিয়ে সমাবেশ না করার নির্দেশ দেয়। পরে তাকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা।
একই দিন যন্তর মন্তরের কাছাকাছি এলাকা থেকে নেহা বোরাকেও আটক করা হয়। এর আগে ১০ অক্টোবরও তাকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে এ কর্মসূচির সম্পর্ক রয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের আটকের প্রতিবাদ জানাতেই অভিজিৎ দিপক জাতীয় পতাকা হাতে সমাবেশের ডাক দিয়েছিলেন বলে জানা গেছে। শুক্রবার কর্মসূচিকে ঘিরে কনট প্লেসে লোকজন জড়ো হলে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
ক্যাপশন: নয়াদিল্লিতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে আটকের ঘটনায় সিজেপি নেতা অভিজিৎ দিপকের অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি।