রোবট দিয়ে রোবট তৈরির ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার দাবি করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এমন একটি স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা চালু করেছে, যেখানে হিউম্যানয়েড রোবট ব্যবহার করে তৈরি করা হবে অন্য হিউম্যানয়েড রোবট। এক্সপেংয়ের প্রধান নির্বাহী হে শিয়াওপেং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তাঁর দাবি, উন্নত সাধারণ কাজে সক্ষম হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া।
এই ব্যবস্থায় তৈরি প্রথম রোবটটির নাম রাখা হয়েছে ‘আয়রন’। হে শিয়াওপেংয়ের ভাষ্য অনুযায়ী, উৎপাদন শেষ হওয়ার পর আয়রন নিজেই হেঁটে কারখানা থেকে বেরিয়ে আসে। এর মাধ্যমে শুধু নির্দিষ্ট কাজে ব্যবহৃত যন্ত্র নয়, বরং মানুষের মতো গঠনবিশিষ্ট পূর্ণাঙ্গ রোবট তৈরির সক্ষমতা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। তবে কারখানাটিতে বর্তমানে কতটি রোবট উৎপাদন করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এক্সপেং। উৎপাদনব্যবস্থাটির প্রকৃত সক্ষমতা ও বাণিজ্যিক পরিসর সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
হিউম্যানয়েড রোবট শিল্পে এখন বড় চ্যালেঞ্জ শুধু রোবটকে হাঁটানো, কথা বলানো বা বিভিন্ন কাজ শেখানো নয়; কম খরচে দ্রুত বেশি সংখ্যায় রোবট তৈরি করাও গুরুত্বপূর্ণ। উৎপাদনের বড় অংশ স্বয়ংক্রিয় করা গেলে ভবিষ্যতে উৎপাদন সময় ও ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে। এক্সপেংয়ের প্রধান নির্বাহী আশা করছেন, ভবিষ্যতে আয়রন আরও বিস্তৃত পরিসরে সাধারণ কাজ করতে পারবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ, একঘেয়ে কিংবা মানুষের জন্য কষ্টসাধ্য কাজগুলোতে এ ধরনের রোবট ব্যবহারের সম্ভাবনা রয়েছে।




