যশোরের অভয়নগরে শুরু হয়েছে আট দলের অংশগ্রহণে ‘অভয়নগর প্রিমিয়ার লিগ’ (এপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। শনিবার (১৭ অক্টোবর) প্রতিযোগিতার প্রথম দিনে জয় পেয়েছে নওয়াপাড়া ওয়ারিয়র্স ও নওয়াপাড়া থ্রি স্টার।
সকাল সাড়ে ৯টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনের প্রথম খেলায় মুসলিম জুয়েলার্সের মুখোমুখি হয় নওয়াপাড়া ওয়ারিয়র্স। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রান করে ওয়ারিয়র্স। জবাবে মুসলিম জুয়েলার্স ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। ফলে ৩১ রানের জয় পায় নওয়াপাড়া ওয়ারিয়র্স। দলের রাজু লস্কর ২৭ বলে ৫১ রান করার পাশাপাশি প্রতিপক্ষের তিনটি উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
দুপুর ২টার দিকে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে এ আর নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে নওয়াপাড়া থ্রি স্টার। প্রথমে ব্যাট করে ১৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে নাইট রাইডার্স। জবাবে ১৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫০ রান তুলে সাত উইকেটের জয় নিশ্চিত করে থ্রি স্টার। বিজয়ী দলের রবি ৬৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার পান।
আয়োজক কমিটি জানিয়েছে, রোববার (১৮ অক্টোবর) একই মাঠে সকাল ৯টায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এবিডি স্পোর্টস ও আইকন একাডেমি। দুপুর ২টায় খেলবে অভয়নগর ফুটবল একাডেমি ও ধোপাদী কিংস।




