আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশে দল পাঠাবে না বলে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনকে (সাফ) জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ভারতের এমন সিদ্ধান্ত প্রতিযোগিতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ভারত ২০২৩ সালে নিজেদের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছিল। এবার তাদের অনুপস্থিতির খবর প্রতিযোগিতার আকর্ষণে প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের এই সিদ্ধান্তের পেছনে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা নয়, বরং দেশটির ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোর দীর্ঘদিনের বিরোধ ভূমিকা রেখেছে। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাবগুলো ফিফার নির্ধারিত আন্তর্জাতিক বিরতির বাইরের সূচিতে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে অনাগ্রহী। তবে ভারত অংশ নেবে না—এমন কোনো তথ্য পাওয়ার কথা স্বীকার করেনি সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা মানতে চাননি। তার ভাষ্য, ড্র অনুষ্ঠানে ভারতের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। দেশটি প্রতিযোগিতায় অংশ না নিলে ওই প্রতিনিধি অনুষ্ঠানে থাকতেন না বলেই তার ধারণা।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান।




