ব্যালন ডি’অরের লড়াইয়ে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রতি সমর্থন জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ বলে উল্লেখ করেছেন সান্তোসের এই তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রাফিক শেয়ার করে নেইমার তার ও ইয়ামালের পারফরম্যান্সের তুলনা তুলে ধরেন। সেখানে দুটি মৌসুমের পরিসংখ্যান পাশাপাশি দেখিয়ে ইয়ামালকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দেন তিনি।
গ্রাফিক অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ২৭ ম্যাচে ২৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছিলেন নেইমার। অন্যদিকে, বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের প্রথম ১০ ম্যাচে ইয়ামালের গোল আটটি এবং অ্যাসিস্ট নয়টি।
নেইমারের এই সমর্থন ইয়ামালের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালে ব্রাজিলে একসঙ্গে ছুটি কাটানোর পর থেকে দুই তারকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যালন ডি’অরের দৌড়ে নেইমারের এমন প্রকাশ্য সমর্থন ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই বক্তব্যকে পুরস্কারের চূড়ান্ত ফলাফলের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই।