বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজিত ‘ফিওনা লাক্সারি রিসোর্ট প্রথম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপে’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিযোগিতার ১৪টি ইভেন্টের মধ্যে ১২টিতেই প্রথম স্থান অর্জন করেছে সেনাবাহিনীর সাইক্লিস্টরা। বাকি দুটি ইভেন্টের একটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যটিতে বাংলাদেশ আনসার প্রথম হয়েছে।
ঢাকার আর্মি স্টেডিয়ামে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার শেষ দিনে শনিবার (১৭ অক্টোবর) আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেনাবাহিনী সাতটিতে এবং আনসার একটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে।
শেষ দিনের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বিজিবির পরিচালক প্রশিক্ষণ লেফটেন্যান্ট কর্নেল এবিএম শাহ রেজা এবং আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সাবেক উপমহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলমগীর কবির।
অনুষ্ঠানে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান, যুগ্ম সম্পাদক আলমগীর আলমসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শেষ দিনের ১ হাজার মিটার নারী স্প্রিন্টে সেনাবাহিনীর শিল্পী খাতুন প্রথম এবং একই দলের তিথি বিশ্বাস দ্বিতীয় হন। বাংলাদেশ আনসারের নাবিলা ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন।




