বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান এবার ইংল্যান্ডের নারী জাতীয় কাবাডি দলের নেতৃত্ব দেবেন। ভারতের আহমেদাবাদে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। ব্যবসা ও টেলিভিশন অঙ্গনে পরিচিত আনিসার ক্যারিয়ারে এটি নতুন সংযোজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক হওয়ার খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনিসা। তিনি জানান, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় খেলাটি সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল খুবই সীমিত। তখন কল্পনাও করেননি, একদিন ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক হবেন। নতুন দায়িত্বকে নিজের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। আনিসার বাবা ইয়াওর খানও অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আনিসার পারিবারিক শিকড় বাংলাদেশের মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তার বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে রেস্তোরাঁ ও আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। ইয়াওর খান যুক্তরাজ্যের ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা। চার ভাইবোনের মধ্যে আনিসা সবার ছোট। বিশ্ববিদ্যালয়ে কাবাডি খেলা শুরু করে ধীরে ধীরে ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নেন আনিসা। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি।
পড়াশোনা ও ব্যবসায়ও সাফল্য রয়েছে আনিসার। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার পর আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কাজ করেন। করোনাকালে প্রতিষ্ঠা করেন খাবারের ব্যবসা ‘বোম্বে পিৎজা’। ২০২৫ সালে বিবিসি ওয়ানের ব্যবসাভিত্তিক অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন আনিসা।
আগামী ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ ১৪টি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতায় ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন বাংলাদেশের শিকড়ের সঙ্গে যুক্ত এই তরুণী।