ব্যাট হাতে ঝড় তুলে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। কুইন্সল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করার পাশাপাশি ৪৯ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ব্যাটার। অ্যাডিলেডের কারেন রোলটন ওভালে অনুষ্ঠিত ম্যাচে ম্যাকগার্ক শেষ পর্যন্ত ৬৩ বলে ১২২ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ম্যাকগার্ক। দ্বিতীয় ওভারে টম স্ট্রেকারের বলে ২২ রান নেওয়ার পর চতুর্থ ওভারে টম হুইটনির বলে যোগ করেন ১৬ রান। 
ষষ্ঠ ওভারে হেইডেন কারের বলে একটি চার ও ছক্কা হাঁকিয়ে মাত্র ১৪ বলেই ফিফটির মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন ম্যাকগার্ক। এর আগে ২০২৩ সালে ১৮ বলে অর্ধশতক করে রেকর্ডটি গড়েছিলেন তিনি নিজেই। তবে বিশ্ব ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া হয়নি তার। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈভব সূর্যবংশী ১১ বলে ফিফটি করে এই রেকর্ডের মালিক হয়েছেন। ফিফটির পরও থামেননি ম্যাকগার্ক। মাত্র আট বলের মধ্যে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে নিজের রান ৭৫-এ নিয়ে যান।
 একপর্যায়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে কুইন্সল্যান্ডের অধিনায়ক মিচেল সোয়েপসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে তার গতিতে কিছুটা বাধা পড়ে। ম্যাকেঞ্জি হার্ভির সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১.৩ ওভারে ১২৯ রান যোগ করেন ম্যাকগার্ক। হার্ভি ৩৫ বলে ৪৬ রান করে আউট হন। পরে ৪৯তম বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১২২ রানে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ম্যাকগার্ক। কারেন রোলটন ওভাল মাঠে ম্যাকগার্কের পারফরম্যান্স বরাবরই উল্লেখযোগ্য। এই মাঠে তার ছয়টি লিস্ট ‘এ’ ইনিংসে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি ৮৮ রানের ইনিংস। নতুন এই রেকর্ডের মধ্য দিয়ে আবারও আলোচনায় উঠে এলেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার।