শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন বিএনপি নেতা আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর। তিনি চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি এসব সহায়তা দেন।
মণ্ডপ পরিদর্শনকালে সিরাজুল ইসলাম সওদাগর বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তারা পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন, যুবদল নেতা এয়াকুব নবী সুমন ও শওকত কামাল এবং পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার মো. মেজবা উদ্দিন নিজামীসহ স্থানীয় নেতারা। পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা এ উদ্যোগের জন্য সিরাজুল ইসলাম সওদাগরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।