সনাতন ধর্মাবলম্বীরা কারও পকেটের ভোটার নন, তারা স্বাধীনতা ও বাংলাদেশের মানচিত্রের পক্ষে—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মধ্যে দুর্গাপূজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিম একসঙ্গে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছেন। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বিরুদ্ধে সনাতন সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার অভিযোগ, একটি গোষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদের প্রভাবিত করে রাজনৈতিক দলে টানার চেষ্টা করছে এবং মব সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সরকার প্রশাসনিকভাবে নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিএনপিও দলীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। হিন্দু-মুসলিমের ঐক্যবদ্ধ অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়নসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।