পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক প্রয়োজন বিবেচনায় ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করে ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নবগঠিত মজুরি বোর্ডের কাছে ১৫ দফা প্রস্তাব তুলে ধরেছে দলটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তাঁদের অধিকার। শ্রমিকদের অবদানেই শিল্প ও অর্থনীতি এগিয়ে চলে। তাই তাঁদের জীবনমান উপেক্ষা করে শিল্পের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।
মজুরি বোর্ডের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর অভিযোগ, বোর্ডে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও জাতীয় শ্রমিক দলের নেতাকে রাখা হলেও বিরোধী দলের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
মজুরি নির্ধারণের পাশাপাশি শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি এবং আহতদের চিকিৎসা ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। কারখানা ও যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সহিংসতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও বলা হয়েছে।
শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযাচিত বলপ্রয়োগ, নির্যাতন ও হয়রানি বন্ধের পাশাপাশি চলমান অসন্তোষের ঘটনায় গ্রেপ্তার নিরপরাধ শ্রমিক ও নেতাদের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সংকট সমাধানে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে কার্যকর সংলাপ আয়োজনের প্রস্তাবও রয়েছে।
জামায়াতের অন্য দাবির মধ্যে রয়েছে বন্ধ কারখানা দ্রুত চালু, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, বেআইনি ছাঁটাই বন্ধ এবং কালোতালিকাভুক্ত শ্রমিকদের পুনরায় কাজে ফেরার সুযোগ দেওয়া। বকেয়া বেতন, ভাতা, ওভারটাইমসহ সব আইনগত পাওনা দ্রুত পরিশোধের কথাও বলেছে দলটি।
এ ছাড়া শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পোশাকশিল্প, শ্রমিকের কর্মসংস্থান, মালিকদের বিনিয়োগ ও জাতীয় অর্থনীতি সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জামায়াত।
সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।