ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। ২০০টি কোচ সরবরাহের চুক্তির আওতায় এটিই প্রথম চালান। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।
রেলওয়ে সূত্র জানায়, দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন ও শুল্ক ছাড়পত্রসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নেওয়া হচ্ছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সেখানে কারিগরি পরীক্ষা, সংযোগ স্থাপন ও কার্যক্ষমতা যাচাইয়ের পর এগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ চুক্তির আওতায় ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে কোচগুলো সংগ্রহ করা হচ্ছে। প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে। দেশে পৌঁছানোর পর প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম কোচগুলো বুঝে নেন।
পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, কোচগুলো দেশে প্রবেশের পর প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। এ সময় কোনো ত্রুটি পাওয়া যায়নি। বড় ধরনের যান্ত্রিক সমস্যা না থাকলে কোচগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন কোচগুলো বহরে যুক্ত হলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের সক্ষমতা বাড়বে বলে আশা করছে রেলওয়ে।




