ভূমিসেবা সহজ, হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে রাজধানীর পুরানা পল্টনে চালু হয়েছে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’। শনিবার (১৮ অক্টোবর) ৭১ পুরানা পল্টনে কেন্দ্রটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সরকারের দাবি, নতুন এ কেন্দ্রের মাধ্যমে নাগরিকেরা বিনামূল্যে দ্রুত ভূমিসেবা-সংক্রান্ত পরামর্শ ও সহায়তা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, ভূমির অধিকার রক্ষা এবং ভূমিসেবা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে ভূমিসেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানা জটিলতা ও ভোগান্তির মুখে পড়তে হয়েছে। এসব সমস্যা কমাতে সরকার কাজ করছে।
তিনি বলেন, নতুন কেন্দ্রে খতিয়ান, নামজারি ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা পাওয়া যাবে। সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে দালাল ও মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমিসেবার প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা গেলে জনগণের আস্থা বাড়বে। অনিয়ম ও হয়রানি কমাতে নতুন কেন্দ্রটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় ভূমি মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভূমি ভবনে অবস্থিত প্রথম নাগরিক ভূমিসেবা কেন্দ্রের ধারাবাহিকতায় দ্বিতীয় কেন্দ্রটি চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের কাছে সহজে ভূমিসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও সম্প্রসারিত হলো।




