যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

অভিযোগের আওতায় থাকা অন্য তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ করা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ। পাশাপাশি চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে বলে জানা গেছে।

সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।এ ছাড়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে।দুদকের পক্ষ থেকে অভিযোগগুলো যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।