শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় অঞ্চলের ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ৩ হাজার ৪০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন।
মো. মঈনুল হাসান বলেন, দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কোস্ট গার্ড সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত নদীতীরবর্তী ও উপকূলীয় এলাকায় টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।