ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডাকসেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে বিশ্ব ডাক দিবস ২০২৬ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ডাক বিভাগে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। আগামী দিনে ডাক বিভাগের সেবার মান, আয় ও সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, প্রতিষ্ঠানটি বিক্রির কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই। বরং নগদকে আরও আধুনিক ও লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, প্রকল্পটি চালুর লক্ষ্যে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে কারিগরি প্রক্রিয়া ও পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। মন্ত্রী আরও বলেন, কাজের স্বীকৃতি কর্মীদের উৎসাহিত করে। তাই যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কার দেওয়ার ধারা অব্যাহত রাখা প্রয়োজন।
এ বছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য ‘One Postal Network, Infinite Possibilities’—বাংলায় ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস উদযাপনের ধারাবাহিকতায় ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিপাদ্যের ওপর স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়।
ডাকসেবা সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং কক্সবাজার সমুদ্রসৈকতসহ মোট ২৬টি স্থানে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবা মেলা অনুষ্ঠিত হয়। এসব উৎসবে প্রায় ৪ হাজার ৬৪৩টি চিঠি ইস্যু করা হয়, যা তরুণদের হাতে চিঠি লেখার আগ্রহ বাড়াতে ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও ডাকসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং নগদের প্রতিনিধি ও এজেন্টসহ মোট ২৯ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।




